কাকের পুচ্ছে ময়ূর পালক’ বহুল প্রচলিত এ প্রবচনটির মর্মার্থ হলো—অযোগ্য ব্যক্তির মূল্যবান বা আকর্ষণীয় কিছু জোরপূর্বক ব্যবহার করে নিজেকে মহৎ বা অভিজাত প্রমাণ করার বৃথা চেষ্টা। হীনম্মন্যতায় ভোগা অথবা অতি-আড়ম্বরপ্রিয় ব্যক্তিরা সমাজে প্রায়ই এমন ‘পালক’ পরিধান করে নিজেদের মর্যাদা বাড়াতে চান।
এমন চর্চা দেখা যায় অনেকের ক্ষেত্রে নামের আগে ডক্টরেট লাগানো নিয়ে। একটু অর্থবিত্তের মালিক আর একটা অনার্স-মাস্টার্স থাকলেই জনগণের কাছে নিজেকে জাহির করার জন্য নানা উপায়ে এই ‘ডক্টর’ শব্দটির জন্য মরিয়া হয়ে ওঠেন কিছু ব্যক্তি। এ তালিকায় রয়েছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নানা পদধারী লোকজন। তাদের মধ্যেও অনেক যোগ্য ব্যক্তি আছেন নিশ্চয়ই, তাঁদের বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে এ আলোচনা।

