সময়পত্র ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এদিকে, ২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি এবং মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। এরপর জেলায় আর কোনো নতুন কমিটি গঠন করা হয়নি।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলে জোনায়েব ইসলাম মাহি। ছেলের সাফল্যে আনন্দিত হয়ে শাহজাহান খান নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছেলের ছবি দিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।’
ছেলের এইচএসসি পাসের খবর ও বাবার ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। এর পরপরই চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।

