সময়পত্র ডেস্ক: শিল্পকারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। চলমান শ্রম অসন্তোষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, হাজারো শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়েছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া জানান, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান শ্রম অসন্তোষ নিরসনে জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে সতর্ক অবস্থান নিয়েছেন।

