সময়পত্র ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বাজারে একটি হাফেজি মাদ্রাসার দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাওলানা কবির হোসেন ওরফে কবির হুজুর নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার দুই শিক্ষার্থীর বয়স ১১ ও ১২ বছর। তারা পার্শ্ববর্তী বড় কাছনাই গ্রামের বাসিন্দা। রোববার শিক্ষার্থীরা তাদের স্বজনদের কাছে যৌন নির্যাতনের অভিযোগ জানায়। পরে স্বজনরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক কবির হোসেন শিক্ষার্থীদের যৌন নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান স্বজনরা। এরপর তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী দুই শিশুর পরিবার পৃথক দুটি মামলা দায়ের করেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে হাফেজ মাওলানা কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।

