সময়পত্র ডেস্ক: দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। রোববার (১ নভেম্বর) থেকে দ্বীপটিতে পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হলেও কক্সবাজার-সেন্টমার্টিন রুটে এখনো জাহাজ চলাচল শুরু হয়নি। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে এ রুটে জাহাজ চলাচল চালু করা সম্ভব হবে।
নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের স্বাগত জানাতে এরই মধ্যে নতুন সাজে প্রস্তুত করা হয়েছে দ্বীপের হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো।
তবে পর্যটন মৌসুম শুরু হলেও জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে তিনটি জাহাজ। কিন্তু এখনো নৌপরিবহন অধিদপ্তরের ভ্রমণ লাইসেন্স, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রুট পারমিট এবং জাহাজ চলাচলের সময়সূচি চূড়ান্ত হয়নি।
এ ছাড়া পর্যটকদের টিকিট বিক্রির জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারও এখনো চালু করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় অনুমোদন ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন না হওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরুর বিষয়টি এখনো অনিশ্চিত রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, বাকি অনুমোদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে আগামী ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে এ রুটে জাহাজ চলাচল শুরু করা যাবে।

