সময়পত্র ডেস্ক: ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান সংঘাতের অবসানে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তিনি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী। খবর আনাদোলু এজেন্সির।
সোমবার (২ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স এ কথা জানান।
তিনি বলেন, এ বিষয়ে প্রায় এক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর কথা হয়েছে। আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে তাঁরা দুজনই আশাবাদী।
ভ্যান্স আরও বলেন, ইরান কিছুটা অনিশ্চিত আচরণ করলেও আলোচনায় অগ্রগতি হয়েছে। সামনে আরও অগ্রগতি হয় কি না, তা পর্যবেক্ষণ করা হবে।
ইরানকে নতুন করে হামলার আগে কোনো সময়সীমা দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, এ বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ইরান যাতে পুনরায় তার পারমাণবিক কর্মসূচি চালু করতে না পারে, তা নিশ্চিত করা। এ বিষয়ে ইরানকে কঠোর ও যাচাইযোগ্য প্রতিশ্রুতি দিতে হবে।
এর আগে সোমবার ওয়াশিংটনে লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল পুনরায় চালুর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সংঘাতের অবসানে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়। এ ধরনের সমঝোতা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
ট্রাম্প আরও দাবি করেন, ইরান তাদের নেতাদের লক্ষ্য করে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ হামলা বন্ধ করবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর জবাবে ইরানও অঞ্চলজুড়ে পাল্টা হামলা চালায়।
পরবর্তী সময়ে কূটনৈতিক আলোচনা এবং জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। বিশেষ করে নিরাপত্তাব্যবস্থা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ এখনো রয়ে গেছে।

