সময়পত্র ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। বুধবার (২৮ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে।
বৈঠকে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়। এ প্রস্তাবের বিষয়ে জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকো জানান, বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে জাপানের বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।

