সময়পত্র ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হামের উপসর্গ দেখা গেছে নতুন করে ১ হাজার ২৮০ জনের মধ্যে। এ ছাড়া ৭৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৩ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে। এ সময়ের মধ্যে মোট ২৩ হাজার ৪০০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

