সময়পত্র ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে মহামায়ার আরাধনা।
মহাষ্টমীর পূজার বিশেষ আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানাতে এদিন কুমারীকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।
সকালে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি ও বিভিন্ন ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে শুরু হবে অষ্টমীর পূজা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন দেবী দুর্গা কোলাসুরকে বধ করেছিলেন। সেই স্মরণে ১ থেকে ১৬ বছর বয়সী অজারপুষ্পা ও সুলক্ষণা কুমারীকে দেবীরূপে পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই মহামায়ার শক্তি বিরাজমান। পূজা শেষে উপস্থিত ভক্তরা কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করেন।
রাজধানীর রামকৃষ্ণ মিশনে সূর্যোদয়ের আগেই শুরু হয়েছে মহাষ্টমীর কল্পারম্ভ ও বিহিত পূজা। সকাল সাড়ে ৯টায় আসনে অধিষ্ঠিত হবেন দেবী কুমারী। এরপর পঞ্চনৈবেদ্য নিবেদনের মধ্য দিয়ে চলবে তাঁর আরাধনা।

