সময়পত্র ডেস্ক: মা ইলিশ রক্ষায় রাজবাড়ীর পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়েছে দৌলতদিয়া নৌপুলিশ ও জেলা মৎস্য বিভাগ। অভিযানে ২ লাখ মিটার কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। এ সময় আট জেলেকে আটক করা হয়।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা আইনে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
আটক জেলেরা হলেন পাবনার আমিনপুরের মমিন মণ্ডলের ছেলে মো. হোসেন মোল্লা (২০), মালেক মণ্ডলের ছেলে হাবু মণ্ডল (১৯), আবু কালাম মণ্ডল (৩০), দরাইয়ের সাহেব আলী সরদারের ছেলে আরিফুল ইসলাম (৩১), সোহরাব মণ্ডলের ছেলে আফজাল মণ্ডল (২৬), সহেদ সরদারের ছেলে বারেক সরদার (৩৫), রাজবাড়ীর গোয়ালন্দের আরশাদ মোল্লার ছেলে বাচ্চু মোল্লা (৫০) এবং ধিরাজ সরদারের ছেলে রশিদ সরদার (৫০)।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল আলম পারভেজ, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক, দৌলতদিয়া নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দৌলতদিয়া নৌপুলিশের ওসি ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশ রক্ষায় নৌপুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোববার পর্যন্ত পরিচালিত ২২টি অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫ লাখ মিটার জাল, ৯০টি চায়না দুয়ারি জাল, দুটি নৌকা ও ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

