সময়পত্র ডেস্ক: দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নিতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৭ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা জানান। খবর রয়টার্সের।
মার্কো রুবিও বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলার দৃশ্য এবং সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের সহিংসতা কঠোরভাবে দমন করতে ইসরায়েলকে বারবার আহ্বান জানানো হচ্ছে বলেও জানান তিনি।
আমেরিকান ফটোসাংবাদিক হেইডি লেভিনকে একাধিক ব্যক্তি আক্রমণ করছেন—এমন একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন রুবিও। শুক্রবারের ওই ঘটনায় আহত অন্তত দুজনের একজন ছিলেন লেভিন। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর সময় এ ঘটনা ঘটে।
এদিকে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের পাশাপাশি ফ্রান্সের একজন মেয়রও হামলার শিকার হয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ফটোসাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলাসহ পুরো ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। উজবেকিস্তানের উদ্দেশে বিমানে ওঠার আগে সাংবাদিকদের রুবিও বলেন, রোববারের মধ্যে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এ বিষয়ে তথ্য পাওয়ার আশা করছেন তিনি।
ইসরায়েলি বসতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘ইয়েশ দিন’-এর তথ্য অনুযায়ী, বার্ষিক জলপাই সংগ্রহের মৌসুম শুরুর পর ২৭ সেপ্টেম্বর থেকে দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অন্তত ১৭০টি হামলা চালিয়েছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

