সময়পত্র ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। রিসোর্টটির অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। এ ছাড়া গত জুন মাসেই কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে নিকটবর্তী ফায়ার স্টেশনের দূরত্ব ছিল ২২ কিলোমিটার। উখিয়াসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৩০টি ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঘটনাস্থলে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় উদ্ধারকাজ চলছে।
জানা গেছে, আগুন লাগার সময় রিসোর্টটিতে প্রায় ৩০ জন অবস্থান করছিলেন।

