সময়পত্র ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রায় ২২ ঘণ্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। বিদ্যুৎ সংযোগ না থাকায় উপাচার্যসহ ভেতরে অবস্থানরত অন্যদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সোমবার (১৩ অক্টোবর) প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছিল।
সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদ এবং তাঁকে পুনর্বহালের দাবিতে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
এর আগে, নিয়োগ পাওয়ার ২১ দিন পর উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম তালা ভেঙে নিজের কার্যালয়ে প্রবেশ করেন। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে তাঁরা ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।
এদিকে, রাত দেড়টার দিকে উপাচার্যের সঙ্গে অবরুদ্ধ থাকা প্রকৌশলী শাহরিয়ার নামের এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে চুয়েটের চিকিৎসক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাঁরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও ঘোষণা করেন। পরবর্তী সময়ে আন্দোলন আরও জোরদার হলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন।

