সময়পত্র ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গত কয়েক দিনে সৌদি আরবে একাধিক হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা এসব হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলায় নিহতদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন।
এ পরিস্থিতিতে পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সৌদি আরবের প্রতি দৃঢ় সমর্থন ও সংহতি জানিয়েছে বাংলাদেশ। দেশটির পাশে থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথচলার কৌশল’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে হামলার কারণে জ্বালানি সরবরাহ ও বাজারে নেতিবাচক প্রভাব সৃষ্টি হলে তা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী এর প্রভাব পড়তে পারে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের চলমান অস্থিরতা দেশটির শ্রমবাজারেও প্রভাব ফেলতে পারে। এর ফলে বাংলাদেশি প্রবাসী কর্মীদের কর্মসংস্থান এবং ভবিষ্যতে শ্রম অভিবাসনের ক্ষেত্রেও উদ্বেগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি জানান, বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ ও বহুমুখী করার লক্ষ্যে সরকার বহুপাক্ষিক আলোচনা এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে নতুন শ্রমবাজার খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, ভারতে চলমান আন্দোলন পরিস্থিতি নিয়েও কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং ভারতই পরিস্থিতি মোকাবিলা করবে।

