সময়পত্র ডেস্ক: ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারি বাজেট থেকে বছরে ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক থেকে অর্থ লুটের কারণে আগামী ৫ থেকে ৮ বছর পর্যন্ত এই ব্যয়ের বোঝা করদাতাদের বহন করতে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
শনিবার (১০ অক্টোবর) সকালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআর নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গভর্নর জানান, ব্যাংক খাতের ক্ষতি পূরণে ভর্তুকি হিসেবে এই অর্থ বরাদ্দ দিতে না হলে দুই কোটি পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া সম্ভব হতো। কিন্তু ব্যাংক থেকে অর্থ লুটের ফলে আমানতকারীদের টাকা ফেরত দিতে এখন সরকারি বাজেট থেকে অর্থ বরাদ্দের প্রয়োজন হচ্ছে।
অনুষ্ঠানে বাংলা কিউআর কোডের ব্যবহার নিয়েও কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি জানান, আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোড ব্যবহার করে একজন গ্রাহক সরাসরি অন্য গ্রাহকের কাছে টাকা পাঠাতে পারবেন। ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে এ ধরনের লেনদেনকে পিটুপি (পারসন টু পারসন) পদ্ধতি বলা হয়।
দেশের আর্থিক খাতের লেনদেন আরও সহজ ও কার্যকর করতে ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’ (ডিপিআই) গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
গভর্নর আরও বলেন, বর্তমানে বাংলা কিউআর কোডের মাধ্যমে প্রতিদিন গড়ে ১৪৩ কোটি টাকার লেনদেন হচ্ছে। এ ব্যবস্থাকে আরও জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে দৈনিক লেনদেনের পরিমাণ অন্তত ৩ হাজার কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

