সময়পত্র ডেস্ক: জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ও রাজনৈতিক কনটেন্ট নির্মাতা ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। ভারতের রাজধানী দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অবস্থিত নিজ বাসভবন থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে গুরুগ্রাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের জারি করা পূর্বনির্ধারিত নির্দেশনা ও বিধিনিষেধ না মানার কারণে তাঁকে আটক করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির যন্তর মন্তরে আয়োজিত একটি পূর্বনির্ধারিত গণবিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল ধ্রুব রাঠির। তবে সেখানে যাওয়ার আগেই হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬-এর ‘কেন্দ্রীয় বিহার সোসাইটি’ আবাসিক এলাকায় তাঁর বাসভবনে উপস্থিত হন পুলিশ সদস্যরা। পরে সেখান থেকেই তাঁকে হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, দিল্লিতে নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভ ও ককরোচ জনতা পার্টির সমাবেশকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই কঠোর প্রশাসনিক বিধিনিষেধ চলছে।
দিল্লির কেন্দ্রস্থলে বড় ধরনের জনসমাগম ঠেকাতে যন্তর মন্তরসহ আশপাশের জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবেই আইন অমান্য এবং জনসমাগমকে প্রভাবিত করার আশঙ্কায় ধ্রুব রাঠিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

