সময়পত্র ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী একটি প্রাইভেটকারে হামলা চালিয়ে ক্যাশ ম্যানেজারকে গুলি ও অন্য কর্মীদের মারধর করে প্রায় আড়াই কোটি টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হিমেল (৩৫) ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের অ্যাকাউন্টস ম্যানেজার। হামলায় আহত অন্য তিনজন হলেন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।
হামলার শিকার বিকাশকর্মীরা জানান, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে সংগ্রহ করা প্রায় তিন কোটি টাকা তিনটি বস্তায় ভরে একটি প্রাইভেটকারে করে তাঁরা মাওনার দিকে যাচ্ছিলেন। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১।
শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকার বনঘেরা স্থানে পৌঁছালে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। এরপর গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি করে তারা। পরে তাঁকে টানাহেঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে অন্য কর্মকর্তা ও চালককে বেধড়ক মারধর করা হয়।
একপর্যায়ে গাড়ির ট্রাঙ্কে থাকা টাকা ভর্তি দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাই হওয়া ওই দুই বস্তায় প্রায় আড়াই কোটি টাকা ছিল। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার জানান, হাসপাতালে আসা চারজনের মধ্যে একজনের পেটে গুলির ক্ষত ছিল। তাঁকে জরুরি ভিত্তিতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এত বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়ে বিকাশের পক্ষ থেকে আগে থেকে থানা বা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কোনো তথ্য জানানো হয়নি। এ ছাড়া অর্থ পরিবহনের সময় পুলিশি নিরাপত্তাও নেওয়া হয়নি।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

