সময়পত্র ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সম্পূর্ণ অমূলক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করা হয়েছে। এর ফলে বন্দরে বাড়তি সুযোগ-সুবিধাও যুক্ত হবে। এ চুক্তির কারণে বন্দরে কর্মরত কেউ চাকরিচ্যুত হবেন না বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান পিছিয়ে পড়ার বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চীন বরাবরই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে অন্যতম প্রধান পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
তিনি আরও বলেন, ভিয়েতনামের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি থাকায় দেশটি কখনো কখনো পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। আবার বাংলাদেশও পরবর্তী সময়ে সেই অবস্থান ফিরে পেয়েছে।

