সময়পত্র ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগামী সোমবার (১২ অক্টোবর) অনশনের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম বন্দরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিদেশি অপারেটরের হাতে এনসিটি তুলে দেওয়ায় চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
জনমত উপেক্ষা করে এবং চুক্তির বিভিন্ন শর্ত গোপন রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবি করে চুক্তিটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বন্দর রক্ষা কমিটি। বিক্ষোভে সংগঠনটির পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
এদিকে বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই বৃহস্পতিবার বিকেল ৩টায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার কনসেশন চুক্তি সই হয়।
চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামের সামনেও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

