সময়পত্র ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী ১৫ বছর টার্মিনালটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে এ চুক্তি সই হয়। চুক্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম স্বাক্ষর করেন।
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময়ে গতি পায়। এর ধারাবাহিকতায় বিএনপি সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই হলো।
আন্তর্জাতিক মানে উন্নয়নের লক্ষ্য
চট্টগ্রাম বন্দরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করা হয়েছে। বিশ্বের শীর্ষ পাঁচটি কোম্পানির মধ্যে তিনটিকে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে আগামীতে ভালো অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করার সূচনা হয়েছে।
এ সময় বিএনপি সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান নৌপরিবহনমন্ত্রী।
মন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে ডিপি ওয়ার্ল্ড এনসিটির কার্যক্রম শুরু করবে। তবে এর মাধ্যমে বন্দর ইজারা দেওয়া হচ্ছে না। দুই বছর পর আলোচনা সাপেক্ষে উভয় পক্ষ সম্মত হলে আরও ১৫ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে।
তিনি আরও বলেন, বর্তমানে যারা বন্দরে চাকরি করছেন, তাদের চাকরি হারানোর আশঙ্কা নেই। বরং ডিপি ওয়ার্ল্ডের কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতা আরও বাড়বে।
চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ ৬০০ কোটি টাকা পেয়েছে বলেও জানান নৌপরিবহনমন্ত্রী।

