সময়পত্র ডেস্ক: আগামী সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের বৈঠকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে। এরপরই ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, দেশের ইউনিয়ন পরিষদগুলোতে কোন সময়সীমার মধ্যে এবং কতটি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সেই রূপরেখা ১২ অক্টোবর তুলে ধরা হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
এদিকে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার বিষয়ে আন্তর্জাতিক আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। সানাউল্লাহ বলেন, বাংলাদেশের প্রবাসী ভোটিং ব্যবস্থা পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে নেপাল। বাংলাদেশের মতো প্রবাসীদের জন্য ভোটাধিকার সুবিধা চালু করতে চায় দেশটির নির্বাচন কমিশন।
এ ছাড়া ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি ও ভোটার প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইউরোপীয় ইউনিয়ন আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান নির্বাচন কমিশনার।

