ক্রিড়া ডেস্ক: আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির গড়া ইতিহাস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে—এমন আবেগঘন বার্তা দিয়ে তার বিদায় উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অবসর-পরবর্তী ভাবনা নিয়ে মেসির ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মন্তব্য করে নিজের অনুভূতি জানান পর্তুগিজ তারকা।
মেসির বিদায়ী ম্যাচের দিন রোনালদো ১ হাজার ৭৪০ শব্দের একটি দীর্ঘ পোস্টে নিজের প্রতি হওয়া বিভিন্ন অন্যায়ের কথাও তুলে ধরেন। তবে এতে মেসির বিদায়কে ঘিরে আবেগের বিষয়টি আড়ালে যায়নি। ৮৫ হাজার দর্শকের সামনে আবেগঘন বিদায়ে মেসি নিজে যেমন কেঁদেছেন, তেমনি আবেগাপ্লুত করেছেন ভক্তদেরও।
মাঠে বিদায়ী বক্তব্য দেওয়ার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসর-পরবর্তী জীবন নিয়ে একটি পোস্ট দেন মেসি। সেই পোস্টেই মন্তব্য করে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানান রোনালদো।
ক্রিশ্চিয়ানো রোনালদো লেখেন, ‘লিও, তোমার দেশের হয়ে এত বছর লড়াই করার পর, তুমি এমন এক ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার সঙ্গে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। একটা আলিঙ্গন।’
এদিকে, মাঠে বিদায়ের সময় প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কথা উল্লেখ করতে ভুলে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তাকে স্মরণ করেছেন মেসি।
মেসি লেখেন, ‘আমি দিয়েগো ম্যারাডোনাকে ভুলতে চাই না, যিনি আমাদের দেশকে তার প্রাপ্য স্থানে পৌঁছে দিয়েছিলেন। যেমনটা আমি সবসময় বলে থাকি, আমি জানি তিনি আমাদের সঙ্গে থেকে এবং স্বর্গ থেকেও আমাদের প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছিলেন।’
দীর্ঘ ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পরিবার, সতীর্থ ও বন্ধুদের অবদানের কথা স্মরণ করার পাশাপাশি বার্সেলোনাসহ তার হয়ে খেলা সব ক্লাবের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি।
বুধবার বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন লিওনেল মেসি।

