সময়পত্র ডেস্ক: চট্টগ্রামের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানে তাকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে নগর ভবনের আশপাশে অবস্থান নেয় পুলিশ। পরে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে ওয়াকিল হোসেন অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে নগর ভবনে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযান চালিয়ে নগর ভবনের ভেতরে ওয়াকিল হোসেনকে পাওয়া যায়নি। তবে ওই সময় তিনি সত্যিই নগর ভবনে ছিলেন কি না, তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের দাবি, নগরীর খুলশী ও এর আশপাশের এলাকায় ওয়াকিল হোসেনকে শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত।
এ ছাড়া পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ওয়াকিল হোসেনের বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

