ক্রিড়া ডেস্ক: ভারতীয় নারী ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হারমানপ্রীত কৌর। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
হারমানপ্রীতের নেতৃত্বে গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। আর গত মাসে নিশিনে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে টানা দ্বিতীয়বার স্বর্ণ জেতানোই অধিনায়ক হিসেবে তার শেষ দায়িত্ব হয়ে থাকল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পর্যালোচনা সভার একদিন পরই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানালেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে হারমানপ্রীত বলেন, প্রবল আবেগ নিয়ে তিনি অধিনায়কত্ব ছাড়ছেন, তবে একই সঙ্গে তার মনে শান্তিও রয়েছে। কারণ, তার বিশ্বাস ভারতীয় দল এখন ভালো অবস্থানে আছে। দলে প্রতিভা, চরিত্র ও আত্মবিশ্বাস রয়েছে এবং সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলেও উল্লেখ করেন তিনি। সেই ভবিষ্যৎ দেখার পাশাপাশি দলের অংশ হয়ে থাকতে নিজের আগ্রহের কথাও জানান হারমানপ্রীত।
২০১২ সাল থেকে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে আসছেন হারমানপ্রীত। তবে তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়কত্বের দায়িত্ব পান ২০২৩ সালে।
ভারতের হয়ে অধিনায়ক হিসেবে ৫টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ১৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।
অধিনায়কত্ব ছাড়লেও ভারতের হয়ে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন হারমানপ্রীত।

