ক্রিড়া ডেস্ক: লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সেই উন্মাদনায় সামিল বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে শুরু হবে ম্যাচটি।
যেভাবে দেখা যাবে ম্যাচ
পাশের দেশ ভারতে ম্যাচটির সরাসরি অনলাইন সম্প্রচার ও স্ট্রিমিংয়ের ব্যবস্থা রয়েছে। দেশটির ZEE5 প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ।
এ ছাড়া livesoccertv.com ওয়েবসাইটে Unite8 Sports 1 ও Unite8 Sports 1 HD চ্যানেলের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে। তবে এসব প্ল্যাটফর্মে ম্যাচ উপভোগ করতে দর্শকদের সাবস্ক্রিপশন নিতে হবে।
জাতীয় দলের হয়ে ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে অভিষেক ম্যাচেই কয়েক সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখেছিলেন মেসি। পরের বছর ক্রোয়েশিয়ার বিপক্ষে করেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল। এরপরই শুরু হয় আর্জেন্টিনা দলে তার দীর্ঘ রাজত্ব।
২০১২ সালে ব্রাজিলের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জয়ের ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেন মেসি। ২০০৬ বিশ্বকাপে অভিষেকের পর ২০১৪ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন এবং জিতেছিলেন গোল্ডেন বল। তবে সেবার শিরোপা ছোঁয়া হয়নি। শেষ পর্যন্ত ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটান তিনি। এর আগে তার অর্জনের তালিকায় ছিল কোপা আমেরিকা ও লা ফিনালিসিমার শিরোপাও।
২০২৬ সালে স্পেনের কাছে স্বপ্নভঙ্গের পর জাতীয় দলের জার্সিতে নিজের শেষ অধ্যায়ের ইঙ্গিত দেন মেসি। সেই কারণে বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহ আরও বেড়েছে।
এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে মেসির গোল ১২৫টি এবং অ্যাসিস্ট ৬৮টি। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে তার গোল-অবদানের সংখ্যা ১৯৩টি।

