সময়পত্র ডেস্ক: জনমনে থাকা নেতিবাচক ধারণা দূর করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রারদের বদলি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে সারাদেশের ১৩১ জন সাবরেজিস্ট্রারকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বদলি কার্যক্রমের উদ্বোধনের পর এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রার পদে বদলি ও পদায়ন নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি পুরো ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব নয়। তবে কোনো না কোনো জায়গা থেকে পরিবর্তনের সূচনা করতে হবে, আর সেই কাজ আজ থেকে শুরু হলো।
তিনি বলেন, ঢাকায় পোস্টিংকে ‘প্রাইস পোস্টিং’ হিসেবে দেখা হয়। সাধারণভাবে ধারণা করা হয়, ঢাকায় যাদের পোস্টিং দেওয়া হয়, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ‘প্রাইস পোস্টিং’-এর ক্ষেত্রেই প্রথমবারের মতো লটারির মাধ্যমে বদলি করা হচ্ছে।
আইনমন্ত্রী জানান, ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসের জন্য সারাদেশের ১৩১ জনের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম ধাপে ১৮ জনকে বাছাই করা হয়েছে। পরে তাদের দক্ষতা বিবেচনা করে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি অফিসগুলোতে পদায়ন করা হবে।
তবে বদলি হওয়া স্থানে দায়িত্ব নেওয়ার পর কেউ দুর্নীতিতে জড়ালে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার কথাও জানান আইনমন্ত্রী।
এ ছাড়া কোনো সাবরেজিস্ট্রারের কাছ থেকে সাংবাদিকের টাকা নেওয়ার অভিযোগের বিষয়টিও মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

