সময়পত্র ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরা। রোববার (৪ অক্টোবর) মধ্য তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে সাধারণ নাগরিকদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণকেন্দ্রে তাদের সামরিক প্রশিক্ষণ নিতে দেখা যায়।
ইরানি সেনাবাহিনী জানিয়েছে, জাতীয় প্রতিরক্ষার জন্য সাধারণ নাগরিকদের প্রস্তুত করতেই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণকেন্দ্রে নারীদের অংশগ্রহণের ছবি প্রকাশ করেছে আল জাজিরা।
বিশ্লেষকদের মতে, ইরানে মার্কিন আগ্রাসন ও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সাধারণ মানুষের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যকর হতে পারে।
তবে এ উদ্যোগ নিয়ে উদ্বেগের কথাও উঠে এসেছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের হাতে ভারী অস্ত্র তুলে দেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। একই সঙ্গে শিশুদের মধ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ইরানিদের দাবি, সামরিকভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করেও তারা টিকে আছে, যা তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তাদের মতে, একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে ইরানিদের মনোবল দুর্বল করার যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র করেছে, সেটিও ব্যর্থ হবে।

