সময়পত্র ডেস্ক: দেশের বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর ফলে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহের মতো ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি জানান, বিবাহ নিবন্ধনের অনলাইন তথ্য ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সংযুক্ত করা হবে। এতে নিবন্ধনসংক্রান্ত তথ্য যাচাই ও ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য আয়োজিত ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন আইনমন্ত্রী।
মো. আসাদুজ্জামান আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব কাজীকে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনতে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ছাড়া ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন কার্যক্রম শুরু করা হবে বলেও জানান আইনমন্ত্রী।

