সময়পত্র ডেস্ক: রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। ফলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫০ শতাংশ। এর আগের ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে।
এদিকে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

