সময়পত্র ডেস্ক: তীব্র বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। বৈরী আবহাওয়ার কারণে শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়ে জনজীবন। টানা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোড, সেক্টর ৫ ও ওল্ড দিল্লি রোডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা।
পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয়গুলোতে অনলাইনে পাঠদান এবং কর্মজীবীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ১৫টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। রানওয়েতে পানি জমে যাওয়ায় ২৫০টির বেশি বিমান নির্ধারিত সময়ে দিল্লিতে অবতরণ করতে পারেনি।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিন বজ্রপাত, ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

