সময়পত্র ডেস্ক: উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৫ জেলে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুয়াকাটা থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ৫০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েকদিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় ‘এফবি বরকত’। সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোমবার ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলার ৮ জেলেকে জীবিত উদ্ধার করে। তবে এখনও ৫ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সমুদ্রে পাঠানো হয়েছে। ডুবে যাওয়া ট্রলারে থাকা ১৩ জেলের বাড়িই পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

