নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সরকারি দপ্তর পরিদর্শন, বৃক্ষরোপণ, চারা বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি সফরে সিংগাইরে এসে তিনি উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তর, জয়মন্টপ ইউনিয়ন পরিষদ ও জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি জয়মন্টপ ইউনিয়নের বাটি গ্রামের এক ভিক্ষুকের পুনর্বাসন কার্যক্রমেরও উদ্বোধন করেন।
এর আগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। এ সময় তিনি বকুল ফুলের একটি গাছ রোপণ করেন। পরে জয়মন্টপ ইউনিয়ন পরিষদ থেকে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তিনটি করে গাছের চারা বিতরণ করা হয়।
জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে জনৈক মজিরন নামে এক নারী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. কামরুল ইসলামের বিরুদ্ধে ৩১ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। অভিযোগটি শুনে বিভাগীয় কমিশনার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে অভিযোগের প্রেক্ষিতে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সরকারি দপ্তর পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেবার মান বাড়ানো, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন -জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম সামদী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের প্রশাসক ,মো. আব্দল ছালেক ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

