ক্রিড়া ডেস্ক: লা লিগায় দুর্দান্ত জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। ম্যাচে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে কাতালান ক্লাবটি।
ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন অধিনায়ক রাফিনিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে রাফিনিয়ার থ্রু বল থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে নিজের অভিষেক স্মরণীয় করে রাখেন জার্মান উইঙ্গার কারিম আদেইমি।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। বদলি হিসেবে নেমে দলের আক্রমণে গতি বাড়ান অ্যান্থনি গর্ডন। তার পাস থেকে ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া।
এর মাত্র চার মিনিট পর গর্ডনের আরেকটি দারুণ পাস থেকে বল জালে পাঠান ফের্মিন লোপেস। ৭৯তম মিনিটে বক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণ করে নিজের দ্বিতীয় গোলও করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

