সময়পত্র ডেস্ক: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের হাউলী প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান ছিঁড়ে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আফিয়া ইভনাত আলভী বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয় ও পরিবারের সূত্রে জানা যায়, সকালে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান চলছিল। এ সময় ফ্যানটি চালু অবস্থায় হঠাৎ এর নাট খুলে নিচে পড়ে যায়। প্রথমে ফ্যানটি একটি টেবিলের ওপর পড়ে। পরে সেখান থেকে ছিটকে ফ্যানের হাতল আফিয়ার নাক ও মুখে আঘাত করে।
এতে তার নাক ও মুখ কেটে গিয়ে প্রচুর রক্তপাত হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাকে কপিলমুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা ও সেলাই দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকী সাধু বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকে আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ব্যবহৃত বৈদ্যুতিক ফ্যান, সংযোগ ও অন্যান্য সরঞ্জামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবকেরা এসব সরঞ্জাম নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

