সময়পত্র ডেস্ক: উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষি ও মৎস্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস না করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর বনানীতে আয়োজিত ‘অ্যাকুয়াকালচার নলেজ ডে’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে জড়িত। তাই কৃষি ও মৎস্য খাতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত কৃষি ও মৎস্যপণ্য উৎপাদন নিশ্চিত করা গেলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের পণ্যের গ্রহণযোগ্যতা বাড়বে।
অনুষ্ঠানে খাদ্যে ক্ষতিকর উপাদানের ঝুঁকি কমাতে প্রাকৃতিক ও পরিবেশবান্ধব রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাটি, পানি ও বায়ুদূষণ এবং ভারী ধাতুর (হেভি মেটাল) ঝুঁকি কমাতে গবেষকদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে সরকার, গবেষক, উৎপাদক ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

