সময়পত্র ডেস্ক:যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) ভোররাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, পাঁচ কিশোরকে বহনকারী একটি ভক্সওয়াগন গাড়ি উল্টো দিক থেকে এসে পুলিশের একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির সব আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা হলেন ৩৮ বছর বয়সী টম ক্লফ এবং ৩৭ বছর বয়সী ম্যাথিউ ব্লেডস।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের কাছাকাছি একটি বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার কিছুক্ষণ আগে পুলিশের ভ্যানটি ভক্সওয়াগন গাড়িটিকে সতর্ক করার চেষ্টা করছিল। তবে সতর্কতা উপেক্ষা করে গাড়িটি উল্টো দিক থেকে এসে পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দেয়।
এ ঘটনায় দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

