ক্রিড়া ডেস্ক:
হাজারো দর্শকের উচ্ছ্বাস, দেশি-বিদেশি ফুটবলারদের নৈপুণ্য আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের সিংগাইরে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জামশা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উদ্বোধনী ম্যাচে দোহার উপজেলার লটাখোলা চাঁদতারা ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে নবাবগঞ্জের মাতাবপুর বড় বাড়ি একাদশ।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জামশা কল্যাণকামী যুবক সমিতি এ টুর্নামেন্টের আয়োজন করে।

উদ্বোধনী ম্যাচ ঘিরে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠের চারপাশ। খেলোয়াড়দের নান্দনিক ফুটবল আর দর্শকদের উচ্ছ্বাসে পুরো এলাকা পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. হাজী মো. ফজলুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকায় বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান মিজান।
উদ্বোধনী ম্যাচে দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামে নবাবগঞ্জ উপজেলার মাতাবপুর বড় বাড়ি একাদশ ও দোহার উপজেলার লটাখোলা চাঁদতারা ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মাতাবপুর বড় বাড়ি একাদশ।
দক্ষিণ জামশা কল্যাণকামী যুবক সমিতির সভাপতি জনি মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন পুরস্কারের দাতা আনোয়ার হোসেন, রানার্সআপ পুরস্কারের দাতা সাইফুল ইসলাম মোবারক, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।
সমিতির সভাপতি জনি মাহমুদ জানান, টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন দলকে এক লাখ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

