সময়পত্র ডেস্ক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সেবা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হওয়া এই বাসে যাত্রী, চালক ও কন্ডাক্টর – সবাই নারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ের বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হবে।
প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস চলাচল করবে। নতুনবাজার–মতিঝিল, তালতলা–মতিঝিল, ডেমরা–জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২–মতিঝিল, মোহাম্মদপুর–মতিঝিল এবং আব্দুল্লাহপুর–মতিঝিল রুটে এসব বাস চলবে। এছাড়া গাজীপুর–বিমানবন্দর রুটেও পিংক বাস সেবা পাওয়া যাবে।
রাজধানীর পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও নারী যাত্রীদের জন্য বিশেষ এই বাসসেবা চালু হচ্ছে।
বিআরটিসি জানিয়েছে, পিংক বাস চালুর মাধ্যমে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে। একই সঙ্গে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বৃদ্ধিতেও এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছে সংস্থাটি।

