হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্র পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে জুনে হওয়া কাঠামো চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
জুনে হওয়া কাঠামো চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত সমঝোতার কাছাকাছি পৌঁছেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় বসতে আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের চাওয়া শর্তগুলো মেনে নিতে প্রস্তুত নয়। তাঁর ভাষায়, তেহরান একটি চুক্তি করতে চায়, কিন্তু ওয়াশিংটন যে ধরনের চুক্তি চাচ্ছে, তাতে সম্মত নয় ইরান।
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি এমন সময়ে এলো, যখন গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে তেলবাহী জাহাজের চলাচল কমে যাওয়ায় বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়েছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না।
এর আগে ১২ আগস্ট ট্রাম্প হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার দাবি করেছিলেন।
এদিকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ইরানের পক্ষ থেকেও পাল্টা বক্তব্য এসেছে। তেহরান জানিয়েছে, প্রণালির ওপর তাদের অধিকার কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না।
বর্তমানে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং কূটনৈতিক অচলাবস্থা অব্যাহত রয়েছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

