সময়পত্র ডেস্ক: বাংলাদেশে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশভিত্তিক শাখা (একিউআইএস) সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের তথ্যকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সরকার আপাতত ওই প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে না।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, তিনি নিজে প্রতিবেদনটি এখনো পড়েননি, তবে বিষয়টি সম্পর্কে শুনেছেন। প্রতিবেদনে কোনো পর্যবেক্ষণ বা তথ্য থাকলে তা না দেখে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিভিন্ন সংস্কার কার্যক্রমে সরকার অগ্রগতি করেছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও উন্নত করতে সময় প্রয়োজন।
দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট নিয়েও কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে দীর্ঘ সময় ধরে জ্বালানির দাম অপরিবর্তিত রাখার পর পরিস্থিতি বিবেচনায় সহনীয় পর্যায়ে দাম সমন্বয় করা হয়েছে।
গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি আগের সরকারের আমলে তৈরি হওয়া সমস্যার অংশ। গ্যাসের চাহিদা মেটাতে আমদানিনির্ভরতা বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। রাতারাতি এই সংকট সমাধান করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
দেশের নিজস্ব গ্যাসের উৎস বাড়াতে স্থলভাগের পাশাপাশি সমুদ্র এলাকায়ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়িয়ে সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার একটি সেল গঠনের কার্যক্রমে বাংলাদেশকে ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।

