সময়পত্র ডেস্ক: রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা মিশনে থাকা একটি এফ-১৮ যুদ্ধবিমান। রোববার (১৬ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চলতি বছরে দেশটির আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোন ভূপাতিত করার এটি চতুর্থ ঘটনা। ন্যাটোর সামরিক সদর দফতরের মুখপাত্র ও মার্কিন সেনাবাহিনীর কর্নেল মার্টিন ও’ডনেল জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী ড্রোনটি রাশিয়ার তৈরি বলে ধারণা করা হচ্ছে।
রাডারে ড্রোনটির গতিবিধি শনাক্ত করার পর জানা যায়, এটি প্রতিবেশী মলদোভা হয়ে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গালাতি শহরের প্রায় ২৪ কিলোমিটার উত্তরে সেটির অবস্থান শনাক্ত করা হয়।
রোমানিয়ায় মোতায়েন স্প্যানিশ ন্যাটো কন্টিনজেন্টের একটি এফ-১৮ যুদ্ধবিমান ড্রোনটির সঙ্গে রাডার যোগাযোগ স্থাপন করে। পরে সেটিকে ধ্বংস করার অনুমতি দেওয়া হয়। স্থানীয় সময় ভোর ৫টা ১ মিনিটে নিরাপদে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ড্রোনটির ধ্বংসাবশেষ দুই গ্রামের মাঝামাঝি একটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ন্যাটোর সদস্য রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের ৬১৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে একাধিকবার রুশ ড্রোন দেশটির আকাশসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে বুখারেস্ট। কৃষ্ণসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি রুটের কাছেও ভাসমান মাইন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে দেশটি।
এর আগে জুলাইয়ে রোমানিয়ার এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটরা দেশটির আকাশসীমায় প্রবেশ করা তিনটি রুশ ড্রোন ভূপাতিত করেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এটিই ছিল রোমানিয়ার ভূখণ্ডে প্রবেশকারী ড্রোন সরাসরি গুলি করে ধ্বংসের প্রথম দিকের ঘটনা।
এ ছাড়া মে মাসে ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলার সময় একটি ড্রোন রোমানিয়ার গালাতি শহরের একটি আবাসিক ভবনে আঘাত হানে। ওই ঘটনায় দুজন আহত হন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে ইউক্রেন সীমান্তবর্তী ন্যাটো দেশগুলোর আকাশসীমা নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গতিপথ সীমান্ত অতিক্রম করার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সতর্ক অবস্থানে রয়েছে সামরিক জোটটি।

