সময়পত্র ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পৃথক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে।
লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগ ও পার্বত্য এলাকার কিছু স্থানে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ এবং এর আশপাশের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। তবে বৃষ্টির প্রভাবে উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি নদীতে পানির উচ্চতা বাড়তে শুরু করেছে।
আগামী দুই দিনে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান ও কক্সবাজারের কিছু পয়েন্টে পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছানোর পাশাপাশি নদীতীরবর্তী নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বর্তমানে কমলেও আগামী দুই দিনে এসব নদীতেও পানি দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে।

