সময়পত্র ডেস্ক: রাঙ্গামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে পিকআপটি কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়কে উল্টে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক মেঘরানী চাকমা।
অন্যদিকে গুরুতর আহত শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বর্তমানে পিকআপের চালকসহ আরও দুজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

