সময়পত্র ডেস্ক: অস্ট্রেলিয়ার ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশ দলের এই সাফল্যে খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান তিনি।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, ডারউইন টেস্টে বাংলাদেশের জয় পুরো জাতির জন্য আনন্দ, গর্ব ও মর্যাদার বিষয়। কঠিন পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা, দলীয় সংহতি, ধৈর্য এবং অসাধারণ পারফরম্যান্সের ফলেই এই সাফল্য এসেছে।
তিনি আরও বলেন, ম্যাচজুড়ে বাংলাদেশি খেলোয়াড়রা যে লড়াকু মানসিকতা ও আত্মবিশ্বাস দেখিয়েছেন, তা প্রশংসার দাবিদার। প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে জয় ছিনিয়ে নিয়েছেন।
ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দেশের সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল করতে ক্রিকেটারদের প্রতি শুভকামনা জানান তিনি।

