সময়পত্র ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক এই জয়ের পর দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলে শুভেচ্ছা জানান তিনি।
রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই স্বাগতিকদের বিপক্ষে এমন জয় পেল টাইগাররা।
জয় নিশ্চিত হওয়ার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন তিনি। এ সময় দেশের মানুষের পক্ষ থেকেও ক্রিকেটারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাঠে এই জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গর্বের। ক্রিকেটারদের আত্মবিশ্বাস, দৃঢ় মানসিকতা, দক্ষতা এবং সম্মিলিত প্রচেষ্টার কারণেই এমন সাফল্য এসেছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে সিরিজের পরবর্তী টেস্টেও ভালো পারফরম্যান্স ধরে রেখে সিরিজ জয় নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে সেই সাফল্যের সঙ্গে যোগ হলো আরও একটি ঐতিহাসিক অধ্যায়।

