সময়পত্র ডেস্ক: শপথ নেওয়ার পর প্রথমবারের মতো আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
রোববার (১৬ আগস্ট) সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরকালে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। এরপর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
এদিকে, বেলা আড়াইটার দিকে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ার বিভিন্ন সড়ক সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করা হয়েছে।
শপথের পর প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সফর শেষে সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

