সময়পত্র ডেস্ক: ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ আটকে দিয়েছে ফ্রান্সের সর্বোচ্চ আদালত। মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থেকেই আদালত এমন সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞাটি কার্যকর হওয়ার কথা ছিল। প্রস্তাবিত আইনে ১৫ বছরের কম বয়সীদের নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ করার পাশাপাশি আগে থেকে থাকা অ্যাকাউন্টগুলোও চার মাসের মধ্যে বন্ধ করে দেওয়ার বিধান রাখা হয়েছিল।
তবে আদালতের সিদ্ধান্তের ফলে আপাতত ওই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না।
এর আগে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয় অস্ট্রেলিয়া। দেশটি ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে আরও কয়েকটি দেশও একই ধরনের উদ্যোগ নেয়।
শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে তাদের রক্ষার বিষয়টি সামনে রেখে বিভিন্ন দেশে এ ধরনের বিধিনিষেধ নিয়ে আলোচনা চলছে।

