সময়পত্র ডেস্ক: দেশের প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী অক্টোবর মাসে পাঁচ জেলায় শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে রোগীদের চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকারের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই শহরকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থার পরিবর্তে দেশের সব অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, উন্নত চিকিৎসার সুযোগ যদি কেবল বিত্তশালী মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটিকে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা বলা যায় না। রোগীদের প্রতি চিকিৎসকদের সহানুভূতিশীল আচরণ চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, চিকিৎসক, রোগী ও স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থা থাকা জরুরি। চিকিৎসাসেবা নিতে গিয়ে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হলে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ কাঙ্ক্ষিত ফল দেবে না।
রাজধানীতে চিকিৎসা নিতে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে যেন অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করতে না হয়, সে লক্ষ্যেও কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ই-হেলথ কার্ডের মাধ্যমে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকার রোগীরা প্রয়োজন অনুযায়ী স্থানীয় পর্যায় থেকেই সঠিক চিকিৎসা ও পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন।

