সময়পত্র ডেস্ক: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ, নিজের নাম এবং বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে এসব তথ্যের সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধনের সুযোগ একবারের বেশি পাওয়া যাবে না।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাই করা যায় এমন শিক্ষাগত সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠপর্যায়ের কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন।
তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ব্যবহার করে জন্মতারিখ সংশোধনের আবেদন এবং নিজের নাম বা বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন সরাসরি এনআইডির মহাপরিচালক নিষ্পত্তি করবেন।
ইসির নতুন এই নির্দেশনার ফলে এনআইডির গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য বারবার সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধনের সুযোগ আর থাকছে না।

