সময়পত্র ডেস্ক: রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ও গুরুত্বপূর্ণ নৌঘাঁটি নভোরোসিস্কে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় রুশ নৌবাহিনীর কয়েকটি যুদ্ধজাহাজ ও বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয় রুশ কর্মকর্তাদের বরাতে জানা যায়, হামলায় এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নভোরোসিস্কে হামলায় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জেট ড্রোন ও নৌ-ড্রোন ব্যবহার করা হয়েছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর দাবি, হামলায় রাশিয়ার দুটি আধুনিক ফ্রিগেটসহ মোট চারটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার কারণে বন্দরের দুটি গুরুত্বপূর্ণ শস্য রপ্তানি টার্মিনালও ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি বিস্ফোরণের আঘাতে নভোরোসিস্কের অন্তত ২৪টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দরের সঙ্গে সংযুক্ত পানির প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের বিভিন্ন এলাকায় সুপেয় পানি সরবরাহেও বিঘ্ন ঘটেছে।
এদিকে, ইউক্রেনের হামলার পাল্টা জবাব হিসেবে দেশটির জাপোরিঝিয়া অঞ্চলে গত দুই দিনে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
নভোরোসিস্কে হামলার মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতে কৃষ্ণসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর ও নৌস্থাপনাগুলো আবারও বড় ধরনের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হলো।

